ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ৩১টি পূজামণ্ডপে ৬২ বান্ডিল ঢেউটিন ও নগদ দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতিতে সহায়তার জন্য প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
ঢেউটিন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সহায়তার বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় বলেন, প্রতিমন্ত্রীর এ উদ্যোগ পূজামণ্ডপগুলোর প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের পরিবেশ বজায় রাখতে সহায়তা দেওয়ায় প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
The post নান্দাইলে ৩১ পূজামণ্ডপে ঢেউটিন ও নগদ অনুদান বিতরণ appeared first on Dhaka Protidin.
