কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২৭টি পূজামণ্ডপের অনুকূলে ৭৬.২ মেট্রিকটন চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
এ বছর প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ কেজি বেশি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বরাদ্দপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার ফিজানুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান বলেন, “গত বছর প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বছর তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। ফলে গত বছরের তুলনায় প্রতিটি পূজামণ্ডপে ১০০ কেজি করে চাল বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। বরাদ্দ বাড়ানোর ফলে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতিতে পূজামণ্ডপগুলো বাড়তি সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।
The post উলিপুরে দুর্গাপূজার ১২৭ মণ্ডপে চালের বরাদ্দপত্র বিতরণ appeared first on Dhaka Protidin.
