গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী একমাত্র কন্যা গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজের জন্য রাখা সিলিন্ডার গ্যাসের পাইপের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়লে লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা (১৬) শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই দম্পতি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মর্মান্তিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে এবং তাদের একমাত্র কন্যা হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর
