সিলেট, ১৪ অক্টোবর: সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নে কাজের মান এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান নিশ্চিত করে অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিউক সম্মেলন কক্ষে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “ঠিকাদারগণ উন্নয়নের অগ্রসৈনিক; তাই নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করে সিলেটকে একটি আধুনিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে সিউকের পাশাপাশি সকলকে একসাথে কাজ করতে হবে। মানসম্মত অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”
সাক্ষাৎকালে অ্যাসোসিয়েশনের নেতারা সিলেটের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাছুম ইফতেখার রসুল শিহাব, সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনি, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, ওয়াহিদ বক্স, কামাল আহমদ, মো. শাকিল আহমদ, মো. আজিজুর রহমান, শাহ্ মো. নজমুল ইসলাম ও তাজ উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতা।
