কালবেলা · আন্তর্জাতিক
গুগলের ডেটা সেন্টার নির্মাণে ফিনল্যান্ডে ৪ লাখ গাছ উজাড়
২৫/১০/২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অবকাঠামো নির্মাণ করতে গিয়ে ফিনল্যান্ডের দুটি এলাকায় প্রায় চার লাখ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে। প্রয়োজনীয় পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন না করেই বন উজাড় করায় দেশটির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির দুটি প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় পরিবেশ ধ্বংস, পানিদূষণ ও স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ফিনল্যান্ডের মুহোস শহরের কাছে প্রায় ৩৩০ হেক্টর বনভূমিতে থাকা আনুমানিক আড়াই লাখ গাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া ওতানমাকি এলাকায় আরও প্রায় দেড় লাখ গাছ কাটা হয়েছে বলে ধারণা করছেন পরিবেশকর্মীরা।
গাছ কাটার পাশাপাশি মুহোসের প্রকল্প এলাকায় মাটির ওপরের স্তরও সরিয়ে ফেলা হয়েছে। ফলে সেখানে এখন কাদামাটি, গাছের শিকড় ও নির্মাণযন্ত্রের চিহ্ন ছাড়া তেমন কিছু অবশিষ্ট নেই।
প্রতিবেদন অনুযায়ী, পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন না করেই বন উজাড় করায় ফিনল্যান্ডের লাইসেন্সিং অ্যান্ড সুপারভিশন কর্তৃপক্ষ (এলভিভি) গত ৬ অক্টোবর গুগলকে মুহোস ও ওতানমাকি এলাকার প্রস্তুতিমূলক কাজ বন্ধের নির্দেশ দেয়।
এ ঘটনায় গুগলের ফিনল্যান্ড প্রধান আন্তি ইয়ারভিনেন দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি দাবি করেছেন, তৎকালীন আইন সম্পর্কিত প্রতিষ্ঠানের ধারণার ভিত্তিতেই কাজ করা হয়েছিল।
ফিনল্যান্ডে গুগলের প্রায় ১৩ বিলিয়ন ইউরোর এআই অবকাঠামো প্রকল্প নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। দেশটির শীতল আবহাওয়া, পর্যাপ্ত জমি ও স্থিতিশীল পরিবেশ ডেটা সেন্টার নির্মাণের জন্য আকর্ষণীয়। সরকারও বিনিয়োগ ও কর্মসংস্থানের আশায় প্রকল্পগুলোকে উৎসাহিত করেছে।
তবে পরিবেশবিদদের অভিযোগ, বন ধ্বংসের ফলে বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়েছে এবং স্থানীয় জলধারার পানি বাদামি হয়ে গেছে। ওতানমাকি গ্রামের বাসিন্দারা জানান, বন উজাড়ের পর নেকড়েসহ বন্য প্রাণী লোকালয়ে চলে এসেছে। নির্মাণকাজের শব্দ নিয়েও উদ্বেগ রয়েছে।
হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান জুসি কাঙ্গাশারভুর মতে, ডেটা সেন্টারে কর্মসংস্থান সীমিত হলেও স্থানীয় পরিবেশের ওপর এর প্রভাব বড় হতে পারে। অন্যদিকে গুগল জানিয়েছে, মুহোসে পানির গুণগত মান রক্ষায় কাজ করছে তারা এবং সেখানে ১৩০ হেক্টর জমিতে নতুন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
এ ঘটনায় ডেটা সেন্টার নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ ও পরিবেশগত ক্ষতির জন্য স্থানীয় জনগোষ্ঠীকে ক্ষতিপূরণের দাবিতে ৯৩ হাজারের বেশি মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
মূল প্রতিবেদনে যান ↗