বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ঢাকাপট্রি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চলতি সালের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মি জড়ো করে।
এরপর তারা আদমদীঘি থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাঙচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে।
এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এ মামলায় যুবলীগের নেতা গোলজার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত গোলজার হোসেনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
