চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের হলের পাশেও অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলের পাশেও ড্রোন ওড়ানোর ঘটনা ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো ধরনের ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে প্রক্টর অফিসের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য সরকারি বিধিবিধানও অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
The post ছাত্রী হলের পাশেও উড়ছে ড্রোন, চবি ক্যাম্পাসে নিষেধাজ্ঞা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
