কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ প্রকাশ মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাছুমের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল। এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
