কালবেলা · খেলাধুলা
সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
১৫/১০/২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় আসছেন। কলেজের পড়াশোনার চাপের কারণে এটা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। গতকাল বৃহস্পতিবার সেই মেঘ কেটে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এই ফুটবলার জানিয়ে দিয়েছেন—‘আমি আসছি।’ বাফুফে সহসভাপতি ফাহাদ করিম রোনান সুলিভানের আসার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান কোচ থমাস ডুলি প্রথম থেকেই এই ফুটবলারকে চাইছিলেন। বাধা ছিল আমেরিকান কলেজ কোচের ছুটি। অনেক অপেক্ষার পর মিলেছে ১ থেকে ১৮ নভেম্বরের অনুমতি। এই সময়ের মধ্যেই উড়াল টিকিটের ব্যবস্থা করবে বাফুফে।
রোনান বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে অচেনা নন। মালদ্বীপের সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ফ্রি-কিক আর হেডে জোড়া গোল করে এনে দিয়েছিলেন ২-০ ব্যবধানের জয়। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে পানেনকা শটে বল জালে জড়িয়ে শিরোপার গল্পেও লিখেছিলেন নিজের নাম। ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবলের ব্যস্ততায় জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি রোনানের। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়েও তাকে ছাড়া খেলেছে বাংলাদেশ।
রোনানের ঢাকায় পৌঁছানোর কথা ২ কিংবা ৩ নভেম্বর। ৫ নভেম্বরের উদ্বোধনী ম্যাচে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি আর অল্প অনুশীলনের পরও ডুলি তাকে মাঠে নামান কি না, সেটাই এখন কৌতূহলের বিষয়। জাতীয় স্টেডিয়ামে ৫ থেকে ১৭ নভেম্বর গড়াবে সাফের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞায় নেপাল না থাকায় এবার লড়বে ৬ দল।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে মালদ্বীপ ও পাকিস্তান। সেমিফাইনাল ১৪ নভেম্বর, ফাইনাল ১৭ নভেম্বর।
মূল প্রতিবেদনে যান ↗