নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১৯ জনের মধ্যে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। এর মধ্যে মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- জাহিদুল (২১), হোসেন (১৯), ফারুক (২৫), ইয়াছিন (২৫), নয়ন (৩৫), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮), আলাউদ্দিন (৫৫), জনি (২৩), সুমন হোসেন (১৮), নিরব হোসেন (১৯), সুজন মিয়া (৩২), রমজান (১৯), সাইফুল (৩৫), শাকিল (২০) ও রাসেল (২৯)।
এছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তাররা হলেন- মাদক মামলার আসামি রাসেল (২৯), নিয়মিত মামলার আসামি শফিকুল ইসলাম (৪৮), ডাকাতি মামলার আসামি অহিদুল ইসলাম নাহিদ (৩০) এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন আলম (৪৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কেউ কেউ সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দা হলেও অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসবাস করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘মাদক ও বিভিন্ন অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
