রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে অ্যারেনার ভেতরে প্রবেশ করেন হাজার হাজার দর্শক।
যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় এই কনসার্টের আয়োজন করা হয়। জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তাঁর দল নগরবাউলের পরিবেশনা শুরুর আগে কনসার্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন হাজারো ভক্ত-অনুরাগী।
প্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করতে দুপুর থেকেই অ্যারেনার সামনে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। সন্ধ্যা গড়াতেই অনুরাগী ও সংগীতপ্রেমীদের উপস্থিতিতে পুরো চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
একপর্যায়ে জেমস মঞ্চে ওঠার আগমুহূর্তে অ্যারেনার নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে যায়। এরপর হাজার হাজার দর্শক ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করেন।
দর্শক উপস্থিতি বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে কর্তৃপক্ষ প্রধান গেটগুলো খুলে দিতে বাধ্য হয়।
কনসার্টের বড় আকর্ষণ ছিল দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে মঞ্চে গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসানের পারফরম্যান্স। এ ছাড়া পারফর্ম করেছেন নগরবাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য ও এ কে রাহুল।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, “রক এন রিদমের পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা।”
বিআলো/শিলি