নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে ২০ বিজিবির আওতাধীন (জয়পুরহাটের) সীমান্ত এলাকায় ইতোমধ্যে কয়েক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ১৬ অক্টোবর (বিকেল ৪টায়) ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারি ” হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ” প্রাঙ্গণে (হিলি সীমান্তের নিকটবর্তী) অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক বলেন, “শারদীয় দুর্গাপূজা সার্বজনীন উৎসব। এই উৎসবে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সেদিকে সকলকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন সম্ভব হবে।
সার্বিকভাবে, সীমান্তবর্তী ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

