প্রকাশিত: ১৫:২১, ১৪ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের চার শতাধিক পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে থাকতে জেলা পরিষদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
