কালবেলা · আন্তর্জাতিক
চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে পূজা তরুণের, পরে গ্রেপ্তার
২৫/১০/২০২৬

ভারতের মহারাষ্ট্রে চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনেছিলেন ১৯ বছর বয়সী সমর চাভান। গাড়ির জন্য পূজার আয়োজন করেন তিনি। আমন্ত্রণ জানান ভুক্তভোগী চাচাকে। এ ঘটনার পর পুলিশ সমরকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের কোলহাপুর জেলার বাসিন্দা সমরের চাচা উমেশ মারুতি চাভান। তার বাড়িতে বেশ অর্থ-কড়ি রয়েছে। স্ত্রী ও নিজের ব্যবহারের জন্য বেশ স্বর্ণও রয়েছে তার। সমর সেসব স্বর্ণ থেকে ১৫০ গ্রাম ওজনের গহনা চুরি করে।
পুলিশ জানিয়েছে, চুরি করা স্বর্ণ বিক্রি করে ১০ লাখ রূপি পেয়েছিলেন সমর। পরে সে অর্থ দিয়ে একটি মাহিন্দ্রা থার এসইউভি গাড়ি কেনেন। এরপর তিনি ওই গাড়ির জন্য পূজার আয়োজন করেন।
এ পূজার প্রস্তুতিতে তার চাচি স্বর্ণের গয়না পরতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেগুলো সিন্দুকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির পর তারা বুঝতে পারেন স্বর্ণ চুরি হয়েছে; এবং এ ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। পরে উমেশ মারুতি পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কোলহাপুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) শ্রীকান্ত ঠিকানে ও তার দল। তদন্তের একপর্যায়ে সমরের হঠাৎ বিপুল অর্থের মালিক হওয়া এবং দামি গাড়ি কেনার বিষয়টি পুলিশের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।
পরে জিজ্ঞাসাবাদে সমর চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সমর ছাড়াও চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
মূল প্রতিবেদনে যান ↗