পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না শুনানি শেষে এ আদেশ দেন। আদালত-পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা নাঈমুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৬ অক্টোবর ভোরে পঞ্চগড় সদর উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে পঞ্চগড় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড় শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। ওই বছরের ১০ নভেম্বর তাঁর বাবা মনু মিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।
নাঈমুজ্জামান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে।
