চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্য সেন হলের নারী শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে পানির ফিল্টার প্রদান করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান।
রোববার বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ফিল্টারটি হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আক্তার বলেন, হলের জন্য সুপেয় পানি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমাদের অনেক সময় সুপেয় পানির সংকটে পড়তে হয়। মাননীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আলাদা একটা দায়বদ্ধতা কাজ করে। আমার মা-বাবাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমি প্রতিনিয়ত এ ক্যাম্পাসের জন্য কাজ করার চেষ্টা করি। শিক্ষার্থীদের নিয়ে আমার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
পানির ফিল্টার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের নেতৃবৃন্দ।
