কমেডি সিনেমায় আর অভিনয় করবেন না ‘দ্য ডিক্টেটর’ খ্যাত অভিনেতা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:

ব্রিটিশ অভিনেতা সাচা ব্যারন কোহেন কমেডি ঘরানার সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ‘দ্য ডিক্টেটর’ ও ‘বোরাট’ সিনেমার জন্য পরিচিত এই অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি মুক্তি পাওয়া ‘আলি জি: হু ইজ আই?’ হতে যাচ্ছে তার অভিনীত শেষ কমেডি সিনেমা।
শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী কোহেন বলেন, ‘আমি এইমাত্র যে সিনেমাটি করেছি, সেটিই আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা। কিন্তু এ ধরনের কাজ আর করব না।’
এর আগেও কমেডির এই বিশেষ ধারা থেকে সরে আসার কথা বলেছিলেন কোহেন। তবে নতুন সিনেমাটি করার পেছনে নিজের সামাজিক ও রাজনৈতিক উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। তার মতে, সমাজ যে দিকে এগোচ্ছে, তা নিয়ে উদ্বেগ থেকেই সিনেমাটি নির্মাণে আগ্রহী হয়েছেন। এর মাধ্যমে রাজনৈতিক মতাদর্শের দুই প্রান্তের চরমপন্থা এবং নৈতিকতার নামে চালানো সহিংসতার বিপদ তুলে ধরতে চেয়েছেন তিনি।
কোহেন বলেন, ‘আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে আমি আতঙ্কিত। আমার সিনেমার মাধ্যমে আমি রাজনৈতিক মতাদর্শের দুই দিকের চরমপন্থা এবং নৈতিকতার দোহাই দিয়ে চালানো সহিংসতার বিপদ দেখাতে পারি।’
এ ধরনের সিনেমা নির্মাণের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এই সিনেমাগুলো বানানো সত্যিই খুব কঠিন। তবে আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেও ছড়িয়ে পড়া ষড়যন্ত্র ও মিথ্যায় ভরা এই পৃথিবী নিয়ে আমি ভীত বলেই সিনেমাটি বানিয়েছি।’
কোহেনের মতে, গণতন্ত্র ও সহনশীল সমাজ টিকিয়ে রাখতে মানুষের মধ্যে অভিন্ন সত্যের ভিত্তি থাকা জরুরি। তিনি বলেন, ‘আমাদের মধ্যে অভিন্ন সত্য না থাকলে গণতন্ত্র ভেঙে পড়বে, আর সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে না। মানুষকে হাসানোও একধরনের থেরাপি।’
বিভিন্ন ছদ্মবেশী চরিত্র, ব্যঙ্গাত্মক অভিনয় ও রাজনৈতিক কমেডির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন কোহেন। তার নতুন বক্তব্যে স্পষ্ট, কমেডির পরিচিত ধরন থেকে সরে এলেও সমাজ, রাজনীতি ও মানুষের আচরণ নিয়ে নিজের উদ্বেগ সিনেমার মাধ্যমে তুলে ধরতে চান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…