ঝালকাঠীতে দুর্গাপূজা নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর এসআরবি-৮, জেলার ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন
বরিশাল প্রতিনিধি
-
প্রকাশিত :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৮। এরই অংশ হিসেবে ঝালকাঠী জেলার মোট ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি। শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপ গুলোতে বিপুলসংখ্যক ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে এসআরবি-৮। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপগুলোর সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়, ইউনিফর্মে ও সাদা পোশাকে নজরদারি, বডি অন ক্যামেরার ব্যবহার এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠীর শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বরিশাল এসআরবি-৮ অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম বলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিক ইকরাম সৌরভ, এসআরবি-৮ সিপিএসসি কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি এ্যাড. নির্মল কান্তি দে তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। এসআরবি-৮ এর পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে যে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com
