হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত নির্বাচনে ধানের শীষে বিপুলভাবে ভোট দিয়ে এ দেশের হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে, তারা কোনো দলের দাসত্ব করে না; বরং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তার নিজ তহবিলের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অকৃত্রিম সমর্থনে প্রায় ৫৫ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মাথায় এক দফা আন্দোলনের কর্মসূচি হাস্যকর ও অরাজনৈতিক। রাজপথে অস্থিতিশীলতা সৃষ্টি না করে সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
পূজা উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমুখর করতে সরকার এবার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকেও বস্ত্র বিতরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এল.বি/কেএইচকে/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
