নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান স্বপন, আল আমিন ও হেলাল উদ্দিন উজ্জ্বল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড পুরো সাংবাদিক সমাজের জন্য একটি গভীর উদ্বেগ ও চরম বেদনার বিষয়। একজন কলমযোদ্ধাকে হত্যা করে কখনো স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। এ ধরনের নৃশংস ও কাপুরুষোচিত ঘটনা দেশের গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ও শঙ্কার জন্ম দিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকেরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁদের এভাবে জীবন হারাতে হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
আজকালের খবর/কাওছার আল হাবীব
