পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে এক হাজার তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘তালবীজ রোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা ও আত্রাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত সড়কের দুই পাশে এসব তালবীজ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, বিশেষ করে বজ্রপাতের ক্ষয়ক্ষতি হ্রাস এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি নির্দেশনা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি বাহিনী দেশজুড়ে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে পরিবেশবান্ধব গাছ লাগানোর বিকল্প নেই। জাতীয় স্বার্থে ও মানবিক সেবায় আনসার-ভিডিপি পরিবার সব সময় ভূমিকা রেখে চলেছে। রোপণ করা তালবীজের যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকবেন বলেও তিনি জানান।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আনসার-ভিডিপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান। পরিবেশবান্ধব সবুজায়ন বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।
The post আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ appeared first on ভোরের চেতনা.
