মৌলিক গানের প্রতি বেশ মনোযোগী হয়ে উঠছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা। নিয়মিত সুরের ভুবনে ভেসে বেড়ানো এই গায়িকা সম্প্রতি ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ শিরোনামের একটি নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন।
রোমান্টিক ধাঁচের নতুন এই গানটি লিখেছেন নবিউল মাসুদ। গানটির সুর করেছেন সোহেল রানা এবং সঙ্গীতায়োজনে ছিলেন বিজন দাস। খুব শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নতুন গান ও সঙ্গীত নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনা প্রসঙ্গে তানজিন মিথিলা বলেন, “‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ গানটি মূলত আমার পছন্দের জনরার। এই ধরনের মেলোডিয়াস গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। স্টুডিওতে ভয়েস দেওয়ার সময় শতভাগ মনোযোগ দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”
নিজের গানের যাত্রা নিয়ে তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই গানের আবহেই বড় হয়েছি, তাই জীবনের প্রতিটি মুহূর্তে গানই আমার ধ্যান-জ্ঞান। অবসরে প্রিয় গানগুলো শুনতেই বেশি ভালো লাগে। বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশের পাশাপাশি গত কয়েক বছর ধরে পেশাদার শিল্পী হিসেবে নিয়মিত স্টেজ শো করছি। এটা পরম সত্য যে আমি আমৃত্যু গানের সঙ্গেই থাকব। গানকে ঘিরেই আমার সব স্বপ্ন, তাই জীবনভর সুরের পথেই হেঁটে যেতে চাই।”
এদিকে চলতি বছর জুড়েই ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। ইতিমধ্যেই বেশ কয়েকটি জমকালো স্টেজ শোতে গান গেয়ে শ্রোতা মাতিয়েছেন তিনি। আর বছরের শেষদিন পর্যন্ত তার হাতে রয়েছে স্টেজ শোয়ের বেশ কিছু ব্যস্ত শিডিউল।
উল্লেখ্য, মঞ্চে সাধারণত জোবায়ের জাহাঙ্গীর জয়ের সঙ্গেই দ্বৈত গান পরিবেশন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মিথিলা। জয়ের কাছ থেকে সঙ্গীতের অনেক খুঁটিনাটি বিষয় শিখেছেন জানিয়ে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন মিথিলা।
