আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে কলকাতার দুই থানায় তলবের নির্দেশ দিল পুলিশ। রবিবার তাদের পক্ষ থেকে একটি নোটিস জারি করে এমনটাই জানানো হয়েছে। নোটিসে বলা আছে, বিকাশের বিরুদ্ধে গরফা এবং কসবা থানায় মামলা রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৩ এবং ১৪ অক্টোবর তাঁকে গরফা ও কসবা থানায় হাজিরা দিতে হবে।
গত বৃহস্পতিবার বিকাশরঞ্জনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই ঘটনার পরে তিনি ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে দুষ্কৃতীদের সম্বোধন করেন। তাঁর এই বক্তব্যে অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের জন্য বিকাশও ছাড় পাবেন না। পরে গরফা থানায় এবং কসবা থানায় বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এই মামলাতেই মঙ্গল ও বুধবার জিজ্ঞাসাবাদের জন্য বিকাশকে দুই থানায় তলব করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। অভিযোগ, মদের বোতল ছুড়ে ভেঙে দেওয়া হয় জানলার কাচ। সেই সঙ্গে বর্ষীয়ান আইনজীবীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়। হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে।
