দুর্গাপূজা উপলক্ষে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। তার নতুন গানের নাম ‘মা এলো’। গানটির কথা, সুর ও কণ্ঠÑ সবই গায়িকার নিজের। গানের মিউজিক ভিডিও আজ লগ্নার অন্তর্জালে প্রকাশ হবে। গানের পাশাপাশি মডেল হিসেবেও দেখা যাবে তাকে। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন। ভিডিও পরিচালনায় রয়েছেনÑ সজল আর রূপসজ্জার দায়িত্বে ছিলেন পাপিয়া।
ফোক ও আধ্যাত্মিক গানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে রাহিদা লগ্নার। এই গায়িকার সংগীতচর্চা শুরু হয় মাত্র চার বছর বয়সে। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। পরে চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছে দীর্ঘদিন সংগীতের তালিম নেন তিনি। জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ঢাকায় নজরুল ইনস্টিটিউট থেকেও প্রশিক্ষণ নিয়েছেন।
বিভিন্ন ধরনের গান গাইলেও ফোক গানেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন লগ্না। লালনগীতির প্রতিও রয়েছে তার বিশেষ অনুরাগ। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।
সংগীতজীবনের শুরুর দিকে ‘সরল’ নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন লগ্না। ওই ব্যান্ডের ব্যানারে প্রকাশিত তার ‘দেহতরী’ গানটি শ্রোতাদের প্রশংসা পেয়েছিল। রাহিদা লগ্নার গানের তালিকায় রয়েছে বিভিন্ন স্বাদের গান। জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তার ‘জল’। এরপর ‘কেমনে তোরে ভুলি’ গানটি নিয়েও আলোচনায় আসেন তিনি।
এ ছাড়াও ‘ভালো হবে না রে’, ‘আমায় পাগল বানাইয়া দিয়া গেলি’ এবং ‘পাগল বানাইয়া দিয়া গেলিরে বন্ধু’ গানগুলোও রয়েছে তার সংগীতজীবনের উল্লেখযোগ্য কাজে জায়গা করে নিয়েছে।
অন্যের লেখা ও সুরে গান গাওয়ার পাশাপাশি নিজের গানও তৈরি করছেন রাহিদা লগ্না। চলতি বছরের জুনে প্রকাশিত ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’ গানটির কথা ও সুর তার নিজের। গানটির সংগীতায়োজন করেছেন এস এ সুমন। মিউজিক ভিডিও পরিচালনা করেন সজল রানা। ভিডিওতে অংশ নিয়েছেন মাদারগঞ্জ উদয়ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংঘের নৃত্যশিল্পীরা।
নিজের কথা ও সুরে গান তৈরির এই ধারাবাহিকতায় এবার ‘মা এলো’ নিয়ে আসছেন লগ্না। গানটির মাধ্যমে পূজার আবহে শ্রোতাদের কাছে পৌঁছানোর পাশাপাশি নিজের সৃজনশীলতার নতুন দিক তুলে ধরেছেন বলে জানিয়েছেন। গানটি নিয়ে আশাবাদী এই গায়িকা।