২০ ডিসেম্বর সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অংশ নেবে ৮১২১ শিক্ষার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরায় আগামী ২০ ডিসেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬। জেলার সাতটি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরে ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা ও বছরে এককালীন ৪৫০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা ও এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বিনা ফিতে পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং শিক্ষা অফিস প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
