লাইন মেরামত, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের কারণে শনিবার (১৭ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কোনো কোনো এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সূচি অনুযায়ী, খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ ও বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে গুনাহাটি, গোধরা, মানিকপুর, ছাতনগাছা, বেলগাছি, মাজগ্রাম, চুলকাটি, ঢুলিয়া ও মেরিগাছা গ্রামে বিদ্যুৎ থাকবে না। তবে গোধরা, গুনাহাটি, মানিকপুর ও ছাতিয়ানগাছা এলাকায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ থাকার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব-জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা কাটার কাজ করা হবে। এ জন্য সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এতে বাংলাবাজার, নরসিংপুর ও বোগলাবাজার ইউনিয়নের পাশাপাশি লক্ষ্মীপুর ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা ও সরবরাহব্যবস্থা সচল রাখতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শহরের কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সূচি অনুযায়ী, সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১১ কেভি পালপাড়া ফিডারের আওতাধীন পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউস, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়ার্টার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণকাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে তারা।
