ছবি: সংগৃহীত
-->চিত্রনায়িকা শিরীন শিলা। ক্যারিয়ারে খুব বেশি ব্যবসাসফল সিনেমা নেই তার। তবে সিনেমায় অভিনয়ে ইতোমধ্যেই একযুগ পূর্ণ করেছেন তিনি। কিছুদিন আগে কানাডায় শুরু করেছেন বাবরের পরিচালনায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমা। এই সিনেমায় গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাকে। এতে শিরীন শিলার বিপরীতে অভিনয় করছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান।
অভিনয়ে একযুগ পূর্ণ প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘সিনেমায় আমার অভিনয়জীবনের শুরু হয় শাকিব খানের সঙ্গে। এর পর আরও বহু সিনেমায় অভিনয় করেছি। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছি। দর্শকের এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এর পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত শ্রেষ্ঠত্বের সম্মাননাগুলোও আমার জীবন চলার পথের অনেক বড় অনুপ্রেরণা। এই প্রাপ্তিগুলো নিয়ে মাঝে মাঝে ভীষণ ভাবি যে একজন শিল্পী হিসেবে হয়তো কিছুটা হলেও বাংলাদেশের সিনেমায় আমার অবদান আছে বলেই দেশে-বিদেশে সংগঠনগুলো আমাকে পুরস্কৃত করে। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সংবাদমাধ্যমের প্রতি, সাংবাদিক ভাই-বোনদের প্রতি, তারাও সবসময় আমার বিপদে-আপদে পাশে ছিলেন।
ধন্যবাদ আমার মা ও ভাইকে, কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য। আর দেখতে দেখতে একযুগ পার হলে গেল ভাবতে গেলেই অবাক হই– এত দ্রুত সময় চলে গেল। এখনো সিনেমা নিয়ে আমার কত কত স্বপ্ন।’
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ অক্টোবর ঈদুল আজহায় শিরীন শিলা অভিনীত ‘হিটম্যান’ সিনেমাটি মুক্তি পায়। এর পর শিরীন শিলা অভিনীত ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগম জান’, ‘ঘর ভাঙ্গা সংসার’, ‘শেষ বাজি’, ‘ডাইরেক্ট অ্যাটাক’, ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাগুলো মুক্তি পায়। সিনেমায় অভিনয়ের আগে তিনি ‘গুলশান এভিনিউ’, ‘রঙ্গের মেলা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন।
