শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিএনপি সরকার সব দিক থেকে পূজার আয়োজনের ওপর নজর রাখছে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছে সরকার।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এবারের পূজা বিএনপি সরকারের আমলে প্রথম দুর্গাপূজা। আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তাধারার মানুষ। তার নেতৃত্বে সব ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে দুর্গাপূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
পূজার নিরাপত্তা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নির্বিঘ্নে ও সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছেন।
বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
এতে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ স্থানীয় নেতারা।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাবো উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
