সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি কলকাতায় কিংবদন্তি কৌতুক অভিনেতা জনি লিভারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তাঁর মেয়ে তথা জনপ্রিয় কমেডিয়ান জেমি লিভার। তবে বাবার সঙ্গে পারফর্ম করার সময় নিজেকে সহ-শিল্পী নয়, বরং একজন ছাত্রী বলেই মনে করেন জেমি। তাঁর কথায়, “মঞ্চে যখন উনি জাদু দেখান, তখন আমি শুধু একজন নিখুঁত কারিগরের হাতের কাজ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি। আমি সেখানে শুধুই শিখতে যাই।”
কৌতুক জগতের প্রবাদপ্রতিম তারকা জনি লিভারের কন্যা হওয়া যতটা গর্বের, নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা তার চেয়েও অনেক বেশি কঠিন—এমনটাই স্বীকার করে নিয়েছেন জেমি। কেরিয়ারের শুরু থেকেই এই 'লিভার' পদবিটা তাঁর ওপর এক বিশাল মানসিক চাপ তৈরি করেছিল।
জেমির কথায়, “সত্যি বলতে, এই পদবিটা আমার কাছে বড্ড ভারী একটা বোঝা। শুরুতেই প্রযোজকরা প্রশ্ন তুলতেন কেন আমি বাবার নাম বা পদবি ব্যবহার করছি না, যাতে সবাই বোঝে আমি জনি লিভারের মেয়ে। কিন্তু ওটা অত্যন্ত বড় এক দায়িত্ব ছিল। আমাকে নিজের স্বকীয়তা খুঁজে বের করতে হতো, আমি কী পারি সেটা প্রমাণ করতে হতো। খুব অল্প বয়সেই এই পরিচয়টা আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আর দীর্ঘদিন আমি সেই ভার বয়ে বেড়িয়েছি।”
জেমি জানান, প্রায় ১০ থেকে ১২ বছরের দীর্ঘ পরিশ্রমে দর্শকরা আজ তাঁকে শুধু 'জনি লিভারের মেয়ে' হিসেবে নয়, বরং একজন স্বতন্ত্র শিল্পী ও কৌতুক অভিনেতা হিসেবে চিনতে পেরেছেন। তাঁর কথায়, “আজ মানুষ যখন আমায় দেখেন, আমার কাজের জন্যই চেনে। আলাদা করে বাবার নাম জুড়তে হয় না। কিন্তু তা সত্ত্বেও ওঁর এত বড় উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়াটা এক বিরাট বড় দায়িত্ব। এখানে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। তাই আজও কঠোর পরিশ্রম করি, অনুশীলন করি আর স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন আমার সৃজনশীলতা আরও বাড়ে।”
https://www.youtube.com/watch?v=W_WAFn2rL0A
মেয়ের এই সংগ্রামের দিনগুলোতে প্রথম থেকেই জনি লিভার ছিলেন মেয়ের সবচেয়ে বড় সমর্থক ও কঠোর সমালোচক। জেমিকে স্ট্যান্ড-আপ কমেডিতে পারফর্ম করতে দেখে জনি নিজেই একদিন বলেছিলেন, “তুমি দেশের অন্যতম সেরা কৌতুক শিল্পী।” একইসঙ্গে জেমি যখন কৌতুক অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন বাবা জনি লিভার তাঁকে একটি স্পষ্ট পরামর্শ দিয়েছিলেন, “এই পথটা একদম সহজ নয়। তুমি যদি এটা করতেই চাও, তবে নিজের ১০০ শতাংশ দাও। অর্ধেক মন বা অর্ধেক প্রস্তুতি নিয়ে এস না। যা করবে, সম্পূর্ণ ঝাঁপিয়ে পড়ো তার মধ্যে।”
বাবার দেওয়া সেই অমূল্য শিক্ষা আর নিজের কঠোর পরিশ্রমে ভর করেই আজ বিনোদন জগতে নিজের আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন জেমি লিভার।
