স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর চকবাজারে স্ত্রী বিচ্ছেদ চাইছেন—এমন দাবি করে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহাদত (৩২) নামে এক যুবক। শুক্রবার সন্ধ্যায় লালবাগের পোস্তা পুলিশ ফাঁড়ির গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। তাঁর শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
শাহাদত জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে থাকেন। তাঁর স্ত্রী জেসমিন বেগম তাঁকে বিচ্ছেদ দিতে চেয়েছেন বলে দাবি করেন তিনি। এ কারণে নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ অবস্থায় দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। পরে ওষুধ কেনার কথা বলে তাঁরা বাইরে যান। তবে আর হাসপাতালে ফেরেননি বলে জানিয়েছেন হাসপাতালের ক্যাম্প পুলিশ ও কর্তব্যরত চিকিৎসকেরা।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, শাহাদতের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, দগ্ধ যুবক বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট চকবাজার থানাকে জানানো হয়েছে।
