কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের মণিরামপুরের একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দুই রাতের জন্য ওই রিসোর্টে কক্ষ বুকিং করা থাকলেও অগ্নিকাণ্ডের পর থেকে তাঁদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন—মণিরামপুর পৌর শহরের মোহনপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪০), তাঁর স্ত্রী আফসানা এবং তাঁদের দুই কন্যা সাত বছর বয়সী রোবাইনা ও তিন বছর বয়সী সুনাইনা।
টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টের বুকিং ইনভয়েস সূত্রে জানা যায়, নাহিদুর রহমান ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য রিসোর্টের ২০২ নম্বর সুপার ডিলাক্স কক্ষটি বুক করেছিলেন। তাঁর সাথে স্ত্রী আফসানা ও দুই কন্যাসন্তান অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ নাহিদুর রহমান ঢাকার শ্যামলীতে অবস্থিত গ্র্যান্ড পাওয়ার লিমিটেডে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং সপরিবারে মিরপুরের শেওড়াপাড়ায় বসবাস করতেন। রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে নাহিদুরের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে না পেরে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ইতোমধ্যে নিখোঁজ নাহিদুর রহমানের ভাই জাহিদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই পরিবারের কোনো সন্ধান না মেলায় স্বজনদের মাঝে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
