ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাতে হ্মণবাড়িয়া সদর উপজেলার বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে জাহিদ (৩২) এবং শিমরাইলকান্দি এলাকার মৃত রহিম আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৫) ও মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে সজিব মিয়া (৩৪)।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছেন। পরে মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দিলে চালক সেটি না মেনে দ্রুত ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিএনজিতে থাকা তিনজনকে আটক করা হয়। তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা দুটি বস্তা থেকে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ সিএনজিটি জব্দ করা হয়।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন
