নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেই লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তাঁকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুরের সড়কের দুই পাশে ভিড় করেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ। কয়েক কিলোমিটার সড়কজুড়ে দেখা যায় উৎসুক জনতার উপস্থিতি। এ সময় হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর বিশেষ বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর আগমন ঘিরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাঁকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে জড়ো হন। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত জনতা। এতে সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় রংপুর নগরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সেখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সামরিক বিমানযোগে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দেওয়ার পর চট্টগ্রামে যাওয়ার কর্মসূচিও রয়েছে তাঁর।
এক দিনের সফরে তিন জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
