কালবেলা · আন্তর্জাতিক
ইসরায়েল প্রত্যক্ষ অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে: নেতানিয়াহু
২৫/১০/২০২৬

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে গেলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তেল আবিবে পারমাণবিক বিস্ফোরণের একটি প্রতীকি ছবিও প্রকাশ করেছেন। ইরানের হামলা মোকাবিলা করতে অক্ষম কোনো নেতাকে নির্বাচিত করলে ইসরায়েলিরা ‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকিতে পড়তে পারেন বলেও সতর্ক করেছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।
ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের বক্তব্য উদ্ধৃত করে দেওয়া ওই পোস্টে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল এখন বাস্তব ও প্রত্যক্ষ অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে।’
পোস্টে বলা হয়, ‘ইরানিরা যদি পারমাণবিক অস্ত্র পেয়ে যায়, তাহলে অন্য কোনো বিষয়ই আর গুরুত্বপূর্ণ থাকবে না।’
নেতানিয়াহু প্রশ্ন তোলেন, ‘মধ্য ইসরায়েলে যদি দুটি পারমাণবিক বোমা পড়ে, তাহলে এসব অর্থহীন বিতর্ক নিয়ে কে মাথা ঘামাবে?’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত বলেও দাবি করেন তিনি। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করলে ভবিষ্যৎ প্রজন্ম ইসরায়েলিদের ক্ষমা করবে না বলে সতর্ক করেন নেতানিয়াহু।
ইরানের মোকাবিলা করতে সক্ষম নন- এমন কোনো নেতাকে নির্বাচিত করলে ভোটাররা নিজেদের পরিবারকে ‘দ্বিতীয় হলোকাস্টের’ ঝুঁকিতে ফেলবেন বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য নিজেকেই সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু।
সূত্র : টাইমস অব ইসরায়েল
মূল প্রতিবেদনে যান ↗