গাইবান্ধা বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দৈনিক সমকাল ও রাইজিংবিডি ডটকমের জেলা প্রতিনিধি মাসুম লুমেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অলিভ নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে গাইবান্ধা শহরের বিহারি পট্টি এলাকার নিজ বাড়ি থেকে অলিভকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার পর বাণিজ্য মেলার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক মাসুম লুমেন জানান, বিদ্যুৎ-সংক্রান্ত একটি সংবাদ সংগ্রহের জন্য তিনি ও ৭১ টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট তাজরুল ইসলাম বাণিজ্য মেলায় যান। সেখানে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ ও ছবি ধারণ শেষে ফেরার পথে মেলার গেট প্রাঙ্গণে তার ওপর হামলা হয়।
মাসুম লুমেনের অভিযোগ, মেলা কর্তৃপক্ষের নির্দেশে অলিভ ও তার সঙ্গে থাকা কয়েকজন তার ওপর হামলা চালান। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, 'পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।'
ঘটনার নিন্দা জানিয়ে প্রথম আলোর সাংবাদিক শাহাবুল শাহীন তোতা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো সংবাদ প্রকাশে কেউ সংক্ষুব্ধ হলে আইনসম্মতভাবে প্রতিবাদ জানানোর সুযোগ রয়েছে। কিন্তু হামলা চালিয়ে সাংবাদিকের কণ্ঠরোধের চেষ্টা করা উচিত নয়।
সময় টেলিভিশনের সাংবাদিক বিপ্লব ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ হোসেনও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা বা হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
সাংবাদিকদের মতে, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক হামলা বা বাধার মুখে পড়লে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয়, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশের সঙ্গেও জড়িত। তাই এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সাংবাদিকের ওপর হামলার অভিযোগে অলিভকে শহরের বিহারি পট্টি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
