দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এক বর্ণাঢ্য ‘অধিনায়ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই মেগা ক্রীড়া আসর শুরু হতে যাচ্ছে।
সম্মেলনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের ২০ জন দলনেতা (অধিনায়ক), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা, খেলার নিয়মাবলি নিয়ে আলোচনা এবং গ্রুপ বিন্যাসের জন্য আনুষ্ঠানিক লটারি অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
এ টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো— প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গ্রুপ বিন্যাস:
- ক্রিকেট টুর্নামেন্ট:
- গ্রুপ ‘এ’: ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- ফুটবল টুর্নামেন্ট:
- গ্রুপ ‘এ’: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
- গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে এ আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চাই, যেখানে তারা নিজেদের মেধা ও সামর্থ্য দেখিয়ে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ খুঁজে পাবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী অধিনায়কদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি ও নেতৃত্বগুণ বিকশিত হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই আগামী দিনের জাতীয় মানের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে।
