হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
-->দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২১৩ জনের শরীরে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন মোট ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৭ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন।
সালমান/
আরও পড়ুন
মেট্রো স্টেশনে আনসারের হাতে অপহরণকারী আটক, উদ্ধার ৯ মাসের শিশু
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: খবরের কাগজ
-->রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে আনসার সদস্যের তৎপরতায় অপহরণের অভিযোগে রানা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আনসার বাহিনীর তথ্য অনুযায়ী, স্টেশনে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. শাহিন মিয়া। এ সময় এক ব্যক্তিকে কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্মে নামতে দেখে তার সন্দেহ হয়। শিশুটির কান্না ও ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এক পর্যায়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শাহিন মিয়া তাকে আটক করেন। পরে স্টেশনে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর ওই ব্যক্তি ও শিশুটিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আনসার বাহিনী।
শিশুটির অভিভাবকদের শনাক্ত করে তাকে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আজিজুল হাকিম/অন্তরা/
আরও পড়ুন
এসএসসি-এইচএসসিতে ২ বিষয়ে ফেল করাদের বিষয়ে নতুন সিদ্ধান্ত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৯তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দ্বিতীয় দফা পরীক্ষায় অনুত্তীর্ণদের কারগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের সামাজিক এবং নৈতিক অবক্ষয় রোধে নতুন করে চতুর্থ শ্রেণি থেকে নৈতিক বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।
শিক্ষাব্যবস্থা উন্নয়নে প্রধানমন্ত্রী কারিগরি প্রশিক্ষণের দিকেও জোর দিচ্ছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমি যখন বিরোধী দলে ছিলাম, তখন কিছু লেখালেখি করতাম। সে সময় ২০১৫ সালে একটি আর্টিকেল লিখেছিলাম, যার শিরোনাম ছিল ‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’। লেখাটিতে আমি বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্টতার মধ্য দিয়ে তাকে যেভাবে দেখেছি, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই লেখাটি লিখেছিলাম। তখন কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না। সেই সময় তাকে যেভাবে দেখেছি, তার ভিত্তিতেই কথাগুলো লিখেছিলাম।
প্রশিক্ষণ অনুষ্ঠানে নতুন বিসিএস ক্যাডারদের যোগদানে তাদের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিজেদের শিক্ষায় আলোকিত করতে হবে পরবর্তী প্রজন্ম ও শিক্ষার্থীদের।
অমিয়/
আরও পড়ুন
ঢাবি শিক্ষকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও মলচত্বর সংলগ্ন প্রবেশপথের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের প্রাইভেটকারের ধাক্কায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স না থাকা সাকিব প্রথমবারের মতো গাড়ি চালানো শিখতে বাবার গাড়ি নিয়েই ক্যাম্পাসে প্রদক্ষিণ করছিলেন। এক পর্যায়ে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এলে দ্রুতগতিতে আসা প্রাইভেটকারটি অনুষদের প্রবেশ ফটকে থাকা কয়েকজন শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এতে পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থী আহত হন।
তাদের মধ্যে দুজনের পা কেটে রক্তক্ষরণ হয়েছে। অন্য কয়েকজনও গুরুতর আঘাত পায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম এবং সিদরাতুল। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৩২তম ব্যাচ) শিক্ষার্থী।
অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এর ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ ইমতিয়াজ বলেন, ‘সবাই গুরুতর অবস্থায় আছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার শিক্ষার্থীরা থানায় মামলা করবে। এখন আইন অনুযায়ী যে শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে।’
আরিফ জাওয়াদ/অলি/
আরও পড়ুন
প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সরকার: আইনমন্ত্রী
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
-->প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সোনার মানুষ সম্মিলন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশে সম্পত্তি ক্রয় বা পরিবারের কাছে পাঠানো টাকা ফেরত চাওয়া সংক্রান্ত মামলায় বছরের পর বছর হয়রানির শিকার হন। এই ভোগান্তি কমাতে বিভাগীয় সদরদপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। বর্তমানে প্রস্তাবটি খসড়া পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান হলো অভিবাসী শ্রমিকরা। তৈরি পোশাক, কৃষি, চিংড়ি, পাট ও চা রপ্তানির পাশাপাশি শ্রম রপ্তানিই বর্তমানে অর্থনীতির মূল মেরুদণ্ড। কায়িক শ্রমের পাশাপাশি এখন বুদ্ধিবৃত্তিক অভিবাসনও বিকশিত হচ্ছে।’
‘প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে’, যোগ করেন মন্ত্রী।
প্রবাসীদের অন্যতম সংকট হিসেবে অসাধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করেন আইনমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে ইতোমধ্যে ৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে, আরও অনেক ভিসা বাতিলের অপেক্ষায় রয়েছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক এজেন্সি এমন ভুয়া সার্টিফিকেট ও নথি জমা দিচ্ছে, যার কোনো অস্তিত্বই নেই। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সহজেই সত্যতা যাচাই করা যায় বলে সংশ্লিষ্ট দেশগুলো আইনি ব্যবস্থা নিচ্ছে।
রামরুর ৩০ বছরের পথচলার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, রামরু এবং রামরু টিম শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কাজে এখন পর্যন্ত সম্পৃক্ত হয়নি। রামরুর বিরুদ্ধে শ্রমিকদের নামে টাকা এনে তহবিল তছরুপের কোনো অভিযোগ ওঠেনি। রামরুর চিন্তার স্বচ্ছতার মধ্যে আমরা কোনো দূষণ দেখিনি। রামরুকে কখনো লেজুড়বৃত্তি করতে দেখিনি।’
অনুষ্ঠানে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এই ৩০ বছরের পথচলা আগামী ১০০ বছরে রূপান্তরিত হবে এবং এমন এক বাংলাদেশ তৈরি হবে যেখানে শ্রমিকরা দেশে ফিরে এসে কাজ করবেন এবং বাংলাদেশ অন্য দেশ থেকে শ্রমিক নেবে।
অন্তরা/
