সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্যদিকে, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। তবে দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালু করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে যাত্রীদের যথাসময়ে জানানো হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত রুটগুলোয় ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
