ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক বিজ্ঞাপনও মেটার প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র এ তথ্য জানান। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা টিকটক ও বাইটড্যান্সের অন্যান্য সেবার লিংকযুক্ত বিজ্ঞাপন ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রচার করতে পারবেন না।
মেটার ভাষ্য, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন নেই, যার উদ্দেশ্য ব্যবহারকারীদের তাদের অ্যাপ থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। প্রতিষ্ঠানটি আরও বলেছে, প্রতিযোগীদের প্রচারণামূলক সেবা না দেওয়া বিভিন্ন শিল্প খাতের স্বাভাবিক ব্যবসায়িক চর্চা। পণ্যের মান ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ভিত্তিতেই প্রতিযোগিতা চালিয়ে যেতে চায় তারা।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। টিকটকের ওয়েবসাইটে বলা হয়েছে, অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ খুলে দেওয়া বা সেখানে ব্যবহারকারীদের লগইন করানোর মতো লিংক তারা সমর্থন করে না। তবে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে অন্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন।
এদিকে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে টিকটক ও ইউটিউবের ওপর চাপ বাড়িয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে করা মামলায় সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। ওই সমঝোতায় সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধের বিষয় রয়েছে।
এরপর ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার সীমিত করা এবং বয়সসীমা নির্ধারিত কনটেন্টে তাদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা জোরদার করতে সম্মত হয় মেটা।
শিশুদের নিরাপত্তা নিয়ে মেটার প্রচারাভিযান সম্পর্কে টিকটক প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। ওই সমঝোতা অনুযায়ী, ব্যবহারকারীদের ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার করতে হবে টিকটককে। শিশুদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি ও ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগ নিষ্পত্তির অংশ হিসেবে এ সমঝোতা হয়।
যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করেন। দেশটিতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে একটি চুক্তির পর টিকটক বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার মেটার এই নিষেধাজ্ঞার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ।
সূত্র: রয়টার্স
