দেশীয় টেলিভিশন নাটকের একসময়কার নিয়মিত মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। কয়েক বছর ধরে দেশে স্থায়ীভাবে সময় দেওয়ায় আবারও টিভি পর্দায় সরব হয়ে উঠেছেন অভিনেত্রী। এবার নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘এআই জুনিয়র’–এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। খবর বাংলানিউজের।
নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। ইতোমধ্যে শুরু হয়েছে এর শুটিং। বছরের শুরুতে সাত পর্বের মিনি সিরিজ ‘অপূর্ণতা’–তে অভিনয় করেছিলেন রিচি। তবে দীর্ঘ বিরতির পর ‘এআই জুনিয়র’ দিয়েই দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন তিনি। নতুন ধারাবাহিকে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত বলতে চাননি রিচি। চ্যানেল কর্তৃপক্ষের বিধিনিষেধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এআই জুনিয়র’ ধারাবাহিকে অভিনয় করছি, এটি সত্যি। এর বেশি এখন কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত বলব। জানা গেছে, শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে ‘এআই জুনিয়র’–এর। আগামী ২৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আহমেদ খান হিরকের লেখা নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল ও শিশুশিল্পী রাই রাজন্যাসহ অনেকে।

