লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আরেকটি গোল করেছেন জার্মান বের্তেরামে। তাঁদের দুই গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে গোলের অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজও। এই জয়ে টানা তৃতীয় মৌসুমে প্লে-অফে জায়গা করে নিল মায়ামি।
২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর সে মৌসুমে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। পরের বছর প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিতে হয় দলটিকে। তবে গত বছর ভ্যাঙ্কুভারকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে তারা।
নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের ২০তম মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন জার্মান বের্তেরামে। চলতি মৌসুমে এটি তাঁর অষ্টম গোল। প্রথমার্ধের একেবারে শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন ডি পল। মেসির নিখুঁত অ্যাসিস্ট কাজে লাগিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে নিকোলাস ফার্নান্দেজের নেওয়া শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ক্লিন শিট ধরে রাখেন তিনি।
এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচে মেসি ও সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মায়ামি। সেই জয়ের ধারাবাহিকতায় এবার নিউইয়র্ক সিটিকেও হারাল দলটি। গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসের অধীনে লিগে এটি মায়ামির দ্বিতীয় জয়।
এদিকে ২০২৬ সাল মেসির ক্যারিয়ারে নানা কারণে আলোচিত। আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তোলার পর এক মাসের ব্যবধানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন এই মহাতারকা। এখন ক্লাব ফুটবলে আরেকটি শিরোপা জিতে বছরটি স্মরণীয় করে রাখার সুযোগ রয়েছে তাঁর সামনে। বর্তমান চ্যাম্পিয়ন মায়ামিকে নিয়ে এবারও এমএলএস কাপ জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমএস/
