গার্মেন্টস শিল্প খাতে মজুরি বোর্ড পুনর্গঠন ও মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম। লিখিত বক্তব্যে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারীরা ব্যানার পরিবর্তন করে দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কৌঁশল অবলম্বন করছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা। এ ধরনের অপচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।
একই সঙ্গে গার্মেন্টস শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা অরবিন্দু বেপারী, মোস্তফা ও শাকিলসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
