অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর পর কানাডায় অবস্থানরত পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি রোববার প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. তানিয়া আনসারী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি পুলিশ টেলিকম ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাক্রমে ‘অসদাচরণ’ (Misconduct) ও ‘পলায়নের’ (Desertion) অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিভাগীয় তদন্তের স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এ কারণে বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে ২০২৫ সালের ১০ মে থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালে তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিআলো/শিলি