উচ্ছেদ অভিযান বন্ধ এবং প্রধান সড়কগুলোতে নির্বিঘ্নে চলাচলের অনুমতির দাবিতে ফের রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। বিক্ষোভের ফলে ধানমণ্ডি, মোহাম্মদপুর, বসিলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে চালকরা একটি মিছিল বের করে মোহাম্মদপুরের প্রধান মোড় ‘তিন রাস্তা মোড়’ অবরোধ করে রেখেছিলেন, যেটি গাবতলী রোডকে মোহাম্মদপুর ও বসিলার সঙ্গে সংযুক্ত করে। গত সোমবার অটোরিকশা চালকরা একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ পালন করেন। অবরোধে অংশ নেয়া চালকদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। পরে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়ি ফেরত পেতে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি পুলিশের কথিত ‘হয়রানি’ বন্ধের দাবি জানিয়েছেন তারা।
তাছাড়া ঢাকার সব সড়কে গাড়ি চালানোর অনুমতিও চেয়েছেন তারা। তবে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে সড়ক ছেড়ে দেন চালকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি। তারা প্রধান সড়কের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।
