রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে ‘দোলনচাঁপা’ আন্তনগর ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক ও গার্ডকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বদরগঞ্জের ১৩ নম্বর রেলওয়ে কোচিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি ১৩ নম্বর রেলওয়ে কোচিং অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়। এ সময় ঝাকুনিতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত ট্রেনের ঝাঁকুনি ও আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও বেশ কয়েকজন যাত্রী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। সে সময় ট্রেনের দায়িত্বে থাকা চালক ও গার্ডের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন কিছু যাত্রী ও স্থানীয় লোকজন। তাদের ওপর চড়াও হয়ে চালক ও গার্ডকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে প্রতক্ষদর্শীরা জানান। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রেলকর্মীদের উদ্ধার করে।
বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, ‘লাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
