ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তাঁর স্বামী মুন্সি খলিল উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যান জহুরা বেওয়া। সেখানে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ তহুরুল ইসলাম জানান, মায়ের সঙ্গে ওমরাহ পালনের জন্য তিনি সৌদি আরবে গিয়েছিলেন। আগামী ২৩ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে মক্কাতেই তাঁর মায়ের দাফন সম্পন্ন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তহুরুল ইসলাম।
