হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ ২৩ মামলায় নাম থাকলেও ওয়াকিল হোসেন ওরফে বগার নাগাল পায়নি পুলিশ। তাকে ধরতে গিয়ে হামলার শিকারও হয়েছেন পুলিশ সদস্যরা। শেষ পর্যন্ত জামিন চাইতে গিয়ে কারাগারে যেতে হলো তাকে। রবিবার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত চাঁদাবাজির একটি মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ওয়াকিল। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাঁকে বহিষ্কার করা হয়। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। পুলিশের ভাষ্য, একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন ওয়াকিল।
একাধিক মামলায় গ্রেপ্তারের জন্য ওয়াকিলকে খুঁজছিল পুলিশ। সর্বশেষ গত ৬ অক্টোবর নগরের টাইগার পাস এলাকার নগর ভবনে তাঁর অবস্থানের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি।
The post জামিন নিতে গিয়ে কারাগারে বগা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
