প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৪৯ পিএম আপডেট: ১৪.১০.২০২৬ ১:৫০ পিএম
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আট টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় পরিচিত রাজনৈতিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল।
তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-চার আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খানের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর এক টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন গোরস্তানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।
