প্রচ্ছদ » রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - সোনালী সংবাদ
রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপসহকারী পরিচালক এম.ডি. ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর ও পরিবার থেকেই। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বেশি করে গাছ লাগানো, প্লাস্টিকজাত পণ্যের ব্যবহার কমানো, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং পরিবারের সদস্যদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে করণীয় অনুসরণ করতে হবে। আগাম প্রস্তুতি, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল এবং জরুরি সেবার বিষয়ে সবার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। শুধু দুর্যোগের সময় নয়, স্বাভাবিক সময়েও প্রস্তুতি গ্রহণ জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রাজশাহী হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের সময় নিরাপদে সরে যাওয়া, আগুন নেভানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
