‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ ফেসবুকে এমন দুটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পোস্ট দুটি দেওয়ার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এদিকে, ঘটনাটি ঘিরে ইউএনও শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তদন্তে এর কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন। বর্তমানে আরিফুর রহমান ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান কালবেলাকে বলেন, জামালগঞ্জে এসিল্যান্ড ও ইউএনওকে ঘিরে সৃষ্ট ঘটনা তদন্ত করে জানা গেছে, ইউনুস আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। পুকুরে এক নারীর মরদেহ দেখার পর তার মানসিক অবস্থার আরও অবনতি ঘটে। এসিল্যান্ডের সঙ্গে ইউএনওর বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি পাওয়া যায়নি। বর্তমানে এসিল্যান্ড, তার পরিবার ও সংশ্লিষ্ট স্টাফদের সহযোগিতায় ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়। কয়েক মিনিট পর তিনি দ্বিতীয় পোস্ট দেন। মুহূর্তের মধ্যে পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পোস্ট দেওয়ার পরপরই ইউএনও শিল্পী রানী মোদক তার ফেসবুক পেজে এসিল্যান্ডের আইডি হ্যাক হওয়ার দাবি করে একটি পোস্ট দেন। এতে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। তবে কিছুক্ষণের মধ্যেই এসিল্যান্ডের অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি মুছে ফেলা হয়।
পরে ইউএনও জানান, আইডি হ্যাক হয়নি এসিল্যান্ডের স্ত্রী পোস্টগুলো মুছে দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, আইডি হ্যাক হয়ে থাকলে কয়েক মিনিটের মধ্যে পোস্টগুলো মুছে ফেলা হলো কীভাবে। অন্যদিকে, এসিল্যান্ড নিজে এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য না দেওয়ায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় বিভ্রান্তি আরও বাড়ে।
ইউএনও শিল্পী রানী মোদকের জানান, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন আরিফুর রহমান। সেখান থেকে বের হওয়ার কয়েক মিনিট পরই তিনি ফেসবুকে পোস্ট দেন। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও তিনি ইউএনওর বাসায় ছিলেন বলে জানান শিল্পী রানী মোদক।
পরে এসিল্যান্ডের বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে ওষুধ দিলেও তার আচরণ স্বাভাবিক না হওয়ায় স্ত্রী তাকে সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ইউএনও।
শিল্পী রানী মোদক আরও বলেন, এসিল্যান্ডের স্ত্রীর কাছ থেকে তিনি জানতে পেরেছি আরিফুর রহমানের আগে থেকেই মানসিক সমস্যার ইতিহাস রয়েছে। তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর মরদেহ দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলেও জানতে পেরেছি।
এ ছাড়া শুক্রবার রাতে আরিফুর রহমান এক আনসার সদস্যকে মারধর করেন এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন বলে দাবি করেন ইউএনও। রাস্তায় যাদের পেয়েছেন, তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানের কয়েকবার ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শুক্রবার রাতেই অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে শনিবার (২৪ অক্টোবর) পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।
